সেমিফাইনালে মালিক ও রিজওয়ানের খেলা নিয়ে শঙ্কা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। হাই ভোল্টেজ ম্যাচের আগে বুধবার (১০ নভেম্বর) অনুশীলন করেছে পাকিস্তান জাতীয় দল। তবে এই অনুশীলন সেশনে দেখা যায়নি মালিক ও রিজওয়ানকে। এতে শঙ্কা জেগেছে পাকিস্তানের এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে।

জানা গেছে, অস্ট্রেলিয়া ম্যাচের আগে দুই ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন। সাবধানতার অংশ হিসেবে করোনা পরীক্ষা করা হয়েছে। তবে সেই পরীক্ষায় দুইজনই নেগেটিভ সনদ পেয়েছেন। তবে আপাতত তাদের বিশ্রামের পরামর্শ দিয়েছে মেডিকেল টিম। 

পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস জানান, ‘মালিক-রিজওয়ান জ্বরে আক্রান্ত। তবে তাদের করোনা নেগেটিভ এসেছে। এই মুহুর্তে তারা চিকিৎসকের পর্যবেক্ষনে আছেন। কাল ১১টায় তাদের আবারও পরীক্ষা করা হবে। আশা করছি ওরা সুস্থ হয়ে উঠবে এবং তাদের জন্য টিম ম্যানেজম্যান্ট শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে।’

এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তাই অনিশ্চয়তা বিরাজ করছে মালিক ও রিজওয়ানের। ম্যাচের দিনই সিদ্ধান্ত হবে তাদের খেলা কিংবা না খেলার ব্যাপারে।

চলতি আসরে মালিক ও রিজওয়ান দুইজনই দারুণ ফর্মে রয়েছেন। দলকে সেমিফাইনালে তুলতেও রেখেছেন বড় ভূমিকা। তারা খেলতে না পারলে অপরাজিত পাকিস্তানের জন্য তা বড় দুঃসংবাদ হবে। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট অবশ্য আশা প্রকাশ করেছে, দুই ক্রিকেটারই সেমিফাইনাল খেলার মত ফিটনেস অর্জন করবেন।

এদিকে যদি রিজওয়ান খেলতে না পারেন তাহলে একাদশে সুযোগ পেতে পারেন সরফরাজ আহমেদ। বাবর আজমের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে ফখর জামানকে। অন্যদিকে মালিক একাদশে না থাকলে সেমিফাইনালে সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটার হায়দার আলী।