অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালের পাওয়ার প্লেতে দারুণ ফর্মে থাকা পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির বিপক্ষে নিজ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের লড়াইটাই ম্যাচের ভাগ্য গড়ে দিবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টুর্নামেন্টে এখনো পর্যন্ত বেশ ভালো দক্ষতা প্রদর্শন করেছে পাকিস্তান। জয় পেয়েছে ৫ ম্যাচের সব কটিতে। অপরদিকে ইংল্যান্ডের কাছে হেরে যাবার পর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। দলটির অধিনায়ক ফিঞ্চের মতে শাহিনের সঙ্গে নতুন বলের লড়াইয়ের দক্ষতার ওপরই নির্ভর করছে তাদের ফাইনাল খেলার স্বপ্ন।
ফিঞ্চ বলেন,‘টুর্নামেন্টে এখনো পর্যন্ত যেটি দেখেছি তাতে মনে হয়েছে পাওয়ার প্লেতে দুই দলের ব্যাটিং-বোলিং ম্যাচের ভাগ্য গড়ে দিবে। অবশ্য মিডল ওভারের গভীরতা এবং ডেথ ওভারের সামর্থ্যও জয় পরাজয়ের নিয়ামক হতে পারে। তবে পাওয়ার প্লে হচ্ছে ম্যাচ জয়ের আসল চাবিকাঠি। শাহিন সত্যিকার অর্থেই দারুণ ফর্মে আছেন। তাই তার বিপক্ষেই যে আমাদের আসল লড়াই, সে বিষয়ে কোন সন্দেহ নেই।’
সেমিফাইনালে পাকিস্তান ফেভারিট হিসেবে খেলবে বলে স্বীকার করেছেন অসি অধিনায়ক। তবে তিনি এটিও বলেছেন, কাগজে কলমে আলোচনায় না থাকলেও তার দল শিরোপা জয়ের দিকেই তাকিয়ে আছে।