ভারতের উদ্ভাবিত করোনার টিকা কোভ্যাক্সিন ভাইরাসটি প্রতিরোধে ৭৭ দশমিক ৮ শতাংশ কার্যকর। বিখ্যাত আন্তর্জাতিক মেডিক্যাল সাময়িকী দ্য ল্যানসেটের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি অনুমোদন লাভ করে কোভ্যাক্সিন । বিশ্বের ১৭টি দেশে এরই মধ্যে এই টিকার ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, এটি নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য সত্যিই উপযোগী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত দুই ডোজ টিকা নেওয়া ২৪ হাজার ৪১৯ জনকে ল্যানসেটের গবেষণার আওতায় আনা হয়। তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগের ফল বিশ্লেষণ করে কোভ্যাক্সিনের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানান গবেষকরা।
পরীক্ষামূলক প্রয়োগে ১৮ থেকে ৯৭ বছর বয়সী ব্যক্তিদের কারও দেহে টিকার ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি এবং কারো মৃত্যুও ঘটেনি বলে দাবি করা হয়েছে ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে।