করোনায় ফের মৃত্যু বেড়েছে, শনাক্ত ২২১ 

করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১২ জনে। এর আগেরদিন বৃহস্পতিবার দেশে একজনের মৃত্যু হয়েছিল। সেই হিসেবে আজ মৃত্যু বেড়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হলে ২২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২১৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে। মারা যাওয়া ৫ জনেই পুরুষ। এর মধ্যে দুই ঢাকা বিভাগের, দুইজন চট্টগ্রাম বিভাগের ও একজন খুলনা বিভাগের।