ইরানের সঙ্গে ‘কৌশলগত আস্থা’ বাড়াতে চায় চীন

রয়টার্স

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার দেশ ইরানের সঙ্গে ‘কৌশলগত আস্থা’ বাড়াতে চায়। গতকাল মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সঙ্গে বৈঠকে একথা বলেন চীনের পররাষ্ট্র উপদেষ্টা ওয়াং ই। কয়েকদিন পরেই সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান চীন সফর করবেন। মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীলতা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের সংঘাত ও কূটনীতিতে এযাবত্ সামান্যই প্রভাব রেখেছে চীন। এখন এই অঞ্চলে প্রভাব  বাড়াতে চাইছে চীন।

এই সপ্তাহের শেষেই যুবরাজ সালমান চীন সফর করবেন। সৌদি আরবের আঞ্চলিক শত্রু ইরানের সঙ্গেও সুসম্পর্ক আছে চীনের। বেইজিংয়ে বৈঠককালে ওয়াং ই জাভেদ জারিফকে বলেন আমি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আপনার বক্তব্য শুনেছি। সেখানে জাভেদ জারিফ অভিযোগ করেন ইসরাইল যুদ্ধ বাধানোর চেষ্টা করছে। ওয়াং বলেন, আমি দেখেছি আপনি কিভাবে সম্মেলনে ইরানের অধিকার নিয়ে কথা বলেছেন। আপনি এখন একজন বিখ্যাত ব্যক্তি। লাখ লাখ চীনা নাগরিক আপনার বক্তব্য শুনেছে। তিনি বলেন, আমরা পুরনো বন্ধু ইরানের সঙ্গে কৌশলগত যোগাযোগ বাড়াতে চাই যাতে আমাদের কৌশলগত আস্থা বৃদ্ধি পায়। চীন চায় ইরান মধ্যপ্রাচ্যে আরও ইতিবাচক ভূমিকা রাখুক। চীনে তেল রপ্তানির দিক দিয়ে চতুর্থ অবস্থানে আছে ইরান।