কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের ৭ দিন পর খাল থেকে ফাহিমা আক্তার নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর আকবর সরকারের বাড়ির একটি খালের ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফাহিমা আক্তার (৫) দেবিদ্বার পৌরসভার চাপানগর এলাকার মো.আমির হোসেনের মেয়ে। এসময় ঘটনাস্থলে পরিদর্শন করেছে পিবিআই ও দেবিদ্বার থানা পুলিশের দুটি টিম ।
পুলিশ জানায়, কাচিসাইর এলাকার একটি খালে শিশুটিরে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ফাহিমা গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ হয়। এ নিয়ে দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়রি করেন তার বাবা। ঘটনাস্থলে স্থানীয় কয়েকজন জানায়, সকালে বাজারে যাওয়ার পথে এক ব্যক্তি ব্যাগের খোলামুখে একটা পা বের হয়ে থাকতে দেখে বাজারে গিয়ে কয়েকজনকে জানায়। পরে বাজারের কিছু লোকজন এসে খালের ব্রিজের নিচে ব্যাগের ভিতর পা দেখে শিশুর মরদেহ বলে নিশ্চিত হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কাচিসাইর গ্রামে শিশুর লাশ পাওয়া গেছে খবর শুনে ফাহিমার দাদা মো. জহিরুল ইসলাম ও বাবা মো. আমির হোসেন ছুটে আসেন। এসে ফাহিমার লাশ শনাক্ত করে। ফাহিমার বাবা মো. আমির হোসেন জানায়, আমি ট্রাক্টরে কাজ করি। আমার পরিবারের সাথে কারও কোন শত্রুতা নেই। গত ৭ তারিখ আমার মেয়ে বাড়ি থেকে হারানো যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফাহিমা নিখোঁজের সংবাদ প্রচার করা হয়। এরপরও ফাহিমার সন্ধান না পেয়ে গত ১১ তারিখ দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়রি করি।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, শিশু ফাহিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই কর্মকর্তারা এসেছে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।