সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
১৯৬৯ এর ১৯ ফেব্রুয়ারি গণআন্দোলনে নোয়াখালীর সেনবাগে কালো পতাকা উত্তোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত চার শহীদ ও আহতদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যেগে গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আধা ঘণ্টাস্থায়ী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সকাল ১০টার দিকে সেনবাগ লেখক ফোরাম ও সেনবাগ প্রেসক্লাবের যৌথ উদ্যাগে সেনবাগ পৌর শহরের থানা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলা লেখক ফোরামের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমান উল্যা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ এতোটি বছর পার হওয়ার পর ও ’৬৯ এর ১৯ ফেব্রুয়ারি গণআন্দোলনে সেনবাগে পুলিশের গুলিতে নিহত চার শহীদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে কোনো রকম স্বীকৃতি দেয়া হয়নি।
উল্লেখ্য, ওই সময় পুলিশের নিহত চার শহীদগণ হলেন- উপজেলার অর্জুনতলা গ্রামের শহীদ অফিজের রহমান, বাবুপুর গ্রামের শহীদ আবুল কালাম আজাদ, জিরুয়া গ্রামের শহীদ সামছুল হক ও মোহাম্মদপুর গ্রামের শহীদ খুরশিদ আলম।