স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না রানি এলিজাবেথ

দীর্ঘদিন ধরে অসুস্থ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাই রবিবারের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি।

যদিও বাকিংহাম প্রাসাদ থেকে এর আগে জানানো হয়েছিল, রানি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। কিন্তু গতকাল রাজপ্রাসাদ জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথ পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। এজন্য তিনি হতাশা প্রকাশ করেছেন।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছিল, জনসাধারণের উপস্থিতিতে ৯৫ বছর বয়সী রানি ১৪ নভেম্বর রবিবার সেনোটাফে বার্ষিক স্মরণ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। বিবৃতিতে রাজসিংহাসনের সঙ্গে যুদ্ধে নিহত ও আহতদের স্মরণ করার ঐ অনুষ্ঠান সম্পর্কে জানিয়েছিল।

গত মাসে অসুস্থ রানি হাসপাতালে চিকিৎসা নেন। পরে তাকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক। এ সময় সামান্য কিছু ভার্চুয়াল অনুষ্ঠানসহ গত কয়েক সপ্তাহ ধরে হালকা দায়িত্ব পালন করছেন রানি। চিকিৎসকদের পরামর্শের কথা মাথায় রেখে রানি ১৬ নভেম্বর (মঙ্গলবার) জেনারেল সিনড সার্ভিস ও উদ্বোধনী অধিবেশনে যোগ না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র: সিএনএন