কুবির বাসে হামলার ঘটনায় আটক তিন

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাসে স্থানীয় একটি কারখানার শ্রমিকদের হামলায় বাস চালকসহ দুই শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট থেকে বিশ্ববিদ্যালয়গামী ৭ নম্বর বাসে স্থানীয় একটি রড ফ্যাক্টরির শ্রমিকরা হামলা করে ওই বাসের ড্রাইভার জসিম আকন্দকে (৩৩) মারধর করে। বাসে থাকা শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের উপরও চড়াও হয় শ্রমিকরা। এতে বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের দুই শিক্ষার্থী আহত হয়। এদিকে, বাসে হামলার ঘটনায় তিনজনকে আটক দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম। গ্রেপ্তারকৃতরা হলেন — স্থানীয় মেম্বার শাহ আলম, স্থানীয় এসএস রড ফ্যাক্টরির ম্যানেজার ইঞ্জিনিয়ার ফয়েজ ও স্থানীয় একজন দোকানদার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বাসে হামলার ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপাচার্য স্যারের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হবে।