হারিয়ে যাওয়া বিড়ালের অপেক্ষায় দেড় মাস ধরে তাহিরপুরে জার্মান নারী

টাংগুয়ার হাওরে ঘুরতে আসা জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের সঙ্গে ছিল তার প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর আনন্দ শেষে হাওর ঘুরে উপজেলা সদরে ফেরার পর উপজেলার মেশিনবাড়ী ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। সেই থেকে গত দেড় মাস ধরেই তিনি সারাক্ষণই প্রিয় লিওকে ফিরে যাওয়ার আশায় তাহিরপুরে অবস্থান করছেন। পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালোবাসা দেখে অবাক তাহিরপুর উপজেলাবাসী।

স্থানীয় এলাকাবাসী জানান, মাস দেড়েক আগে টাংগুয়ার হাওরে ঘুরতে আসেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। ঐ জার্মান নারী বাংলায় কথা বলতে পারেন। পোষা বিড়াল ‘লিও’কে হারিয়ে বিড়ালটির সন্ধান চেয়ে তিনি সম্প্রতি অটোরিকশায় করে এলাকা জুড়ে মাইকিং করেন। এ সময় পোষা বিড়াল ‘লিও’ ও জুলিয়া ওয়াসিমানের কথোপকথনের রেকর্ড প্রচার করা হয়, যেন তা শুনে লিও মাইকের কাছে চলে আসতে পারে। এছাড়াও যে লিওর সন্ধান দিতে পারবেন তাকে পুরস্কৃত করবেন বলেও জানান।

তবে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার জানান, জার্মান নারীর পোষা বিড়াল লিও এক মাস পূর্বে হারিয়ে গেলেও তিনি আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কোনো যোগাযোগ করেননি এবং লিখিত অভিযোগও দায়ের করেননি।