রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চিরনিদ্রায় শায়িত হয়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বাদ যোহর রাবির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে দুপুর সোয়া ২টায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজায় উপাচার্যসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
এর আগে দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয়। সেখানে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, পবা-মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রমুখ অধ্যাপক হাসান আজিজুল হকের কফিনে শ্রদ্ধা জানান।
বেলা সাড়ে ১১টায় অধ্যাপক হাসান আজিজুল হকের মরদেহ তার প্রিয় কর্মস্থল রাবি দর্শন বিভাগের সামনে আনা হয়। সেখানে তার কফিনে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা জানান।
হাসান আজিজুল হক সোমবার রাত সোয়া ৯টায় রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকার বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।