রাবির গ্রন্থাগারের সামনে সমাহিত হবেন হাসান আজিজুল হক

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ০৯:১৪

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাফন করা হবে। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে কবর খননের কাজ শুরু হয়। হাসান আজিজুল হকের পরিবার সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বেলা ১২টা থেকে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে হাসান আজিজুল হকের মরদেহে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের জনতা। পরে বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাবির গ্রন্থাগারের সামনে তাকে সমাহিত করা হবে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী শহরের বাসভবনে মারা যান এই কথাসাহিত্যিক। বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানায়।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালে ২ ফেব্রুয়ারি ভারতের বর্ধমান জেলার জব গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে দর্শনে এমএ ডিগ্রি লাভ এবং ১৯৭৩ সালে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন। 

ইত্তেফাক/কেকে