পীরগঞ্জে ব্যবসায়ী তাইজুল হত্যাকারীদের ফাঁসি দাবি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জের কোষারানীগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ী তাইজুল ইসলাম ওরফে ছুটুবাউ হত্যাকারীদের ফাঁসি দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করে এলাকাবাসী। পীরগঞ্জ পৌর শহরে বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে নিহত তাইজুল ইসলাম ওরফে ছুটুবাউয়ের অবুঝ দুই মেয়ে মিম (৮) ও তাসফিয়া (৪) অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন তাইজুল ইসলামের স্ত্রী তানজিনা আখতার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, কোষারানীগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ  গোলাম মোস্তফা, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান একরামুল হক প্রমুখ। উপজেলার নাকাটিহাটের মুদি দোকান ব্যবসায়ী তাইজুল ইসলাম ১৯ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে বিক্রির টাকাসহ মোটরসাইকেলযোগে দলপতিপুর বাড়িতে আসার পথে বারমনি ব্রিজের কাছে দুর্বৃত্তরা তাকে আটকায়। এরপর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।