উপজেলা পরিষদ নির্বাচন
ইত্তেফাক ডেস্ক
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
পঞ্চগড়: পঞ্চগড় জেলার বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সোমবার চেয়ারম্যান পদে দুইজন স্বতন্ত্র প্রার্থী নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন। তবে সাকোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গির হাসান সবুজ আপিল শেষে ঢাকা হাইকোর্টে রিট করতে যান। তার রিট আদালত খারিজ করলে ফারুক আলম টবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, বোদা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি পাঁচজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে যাচাই বাছাইকালে দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর ফলে তিনজন চেয়ারম্যান প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। সোমবার বিকেল স্বতন্ত্র প্রার্থী বোদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাহার আলী ও বিএনপি সমর্থক অ্যাডভোকেট জাকির হোসেন নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে একমাত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক আলম টবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
রিটার্নিং অফিসার ও পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম জানান, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দুইজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন মাত্র একজন প্রার্থী আছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার। এবার নিয়ে তিনি তিনবার নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সৈয়দা বাবলী এবং শিল্পী ভট্টাচার্য (ঝুমা) দুজনেই প্রার্থিতা প্রত্যাহার করায় তুহিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তুহিন ২০০৯ এবং ২০১৪ সালে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):রাঙ্গুনিয়া উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার তিনি সহকারী রিটার্নিং অফিসার ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। শেষ সময় অবধি তার বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তিনি এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে চারজনের দু্ইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের দুইজন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে এবং ভাইস চেয়ারম্যান পদে অপর দুই প্রার্থী মনোনয়নপত্র জমা করেন জেলা রিটার্নিং অফিসারের কাছে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান জানান, আগামী ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ সময় এবং আগামী ১৮ মার্চ রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাউজান (চট্টগ্রাম):রাউজানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা জানান, আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ছাড়া অন্য কোনো প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়নি। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফৌজিয়া খানম মিনা মনোনয়নপত্র জমা দেন। ২০ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে যদি এদের মনোনয়নপত্র বাতিল না হয়, তাহলে তারা বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
এহেছানুল হায়দর চৌধুরী বাবুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত বর্তমান চেয়ারম্যান।