কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে হত্যা মামলায় সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের ২নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। অপরদিকে সাক্ষ্য প্রমাণ না পেয়ে অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো— কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ গ্রামের তারা মিয়া ও তার সহোদর আক্কাস মিয়া।
মামলার বিবরণে প্রকাশ, নিহত আব্দুল খালেক সরকারের সঙ্গে প্রতিবেশীদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ২০১২ সালের ৩০ জুন দুপুরে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন জমির পাশে দা, লাঠি, শাবল ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেক সরকারের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ছেলে অ্যাডভোকেট সাইদুর রহমান রাসেল বাদী হয়ে আটজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।