ক্যালিফোর্নিয়া দাবানলে নিখোঁজের সংখ্যা ১২শ ছাড়ালো পরিদর্শনে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল এলাকা পরিদর্শন করেছেন ট্রাম্প। অঙ্গরাজ্যটির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক এই দাবানলে এখন পর্যন্ত ৭১ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে ১২শ’র বেশি লোক। এই সংখ্যাটি বাড়তে পারে। প্যারাডাইস শহর পরিদর্শন শেষে ট্রাম্প খুবই মর্মাহত হয়েছেন বলে জানান। একই সঙ্গে এই দুর্যোগের জন্য বাজে বন ব্যবস্থাপনাকে দায়ী করেছেন আবারো। এর আগে তিনি বন ব্যবস্থার তিরস্কার করে সেখানে সব ধরনের সহায়তা বন্ধের হুমকি দিয়েছিলেন।

পরিদর্শন শেষে ট্রাম্প বলেন, ‘আমাদেরকে অবশ্যই ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সতর্ক হতে হবে এবং আমরা পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে কাজ করব। আমরা আবার এমনটি চাই না।’ এদিকে দাবানলের ভয়াবহতা সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটি হয়েছে। এছাড়া অঞ্চলটিতে জনসংখ্যার পরিমাণ ক্রমেই বাড়ছে। সব মিলিয়ে দাবানল আগের চেয়ে অনেক বেশি মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। প্রসঙ্গত, এবার দাবানলে অঞ্চলটির মোট ১ লাখ ৪২ হাজার একর এলাকা পুড়ে গেছে। দাবানলের কারণে এলাকাটি থেকে সব মিলিয়ে ৪৭ হাজার বাসিন্দাকে সরে যেতে বলা হয়।

গতকাল প্যারাডাইস শহরে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ব্যবস্থাপনার রক্ষণাবেক্ষণও করতে হবে আমাদের, পরিবেশ নিয়ে কাজ করা গোষ্ঠীগুলোর সঙ্গেও আমাদের কাজ করতে হবে। আমার মনে হয় না এই পরিসরে এটি আর হবে। ক্যাম্প ফায়ার দাবানল ছাড়াও ক্যালিফোর্নিয়ার দমকল কর্মীদের লস অ্যাঞ্জেলসের নিকটবর্তী উওলসি ফায়ারসহ আরও কয়েকটি দাবানলের মোকাবিলা করতে হচ্ছে। উওলসি দাবানল আরও তিন জনের প্রাণ নিয়েছে। এই দুর্যোগের সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে ওঠা লোকদের নোরোভাইরাসের প্রাদুর্ভাবে অসুস্থ হয়ে পড়া ও উত্তর ক্যালিফোর্নিয়ার বাতাসের মানকে বিশ্বের সবচেয়ে দূষিত ঘোষণা করা। আবহাওয়ার পূর্বাভাসে আগামী সপ্তাহে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এতে দাবানলের আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হলেও দাবানলে বন ধ্বংস হয়ে পাহাড়গুলো উন্মুক্ত হয়ে পড়ায় ভূমিধস ও বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে।-বিবিসি