গোমতী থেকে বালু উত্তোলনে ৫ জনের সাজা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও নদী থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।  গতকাল মঙ্গলবার দিনভর গোমতী নদীর জেলার দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এসময় ২টি ট্রাক্টর ও একটি ট্রলারসহ ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানে অংশ নেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা, দুদক কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ, দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার, দুদকের সহকারী পরিচালক এএইচএম মো. আখতারুজ্জামান, সহকারী পরিদর্শক মোফাজ্জল হায়দার, এসি মাকসুদুর রহমান। কুমিল্লা জেলা দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন জানান, গোমতী নদীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কেটে নিচ্ছিল একটি চক্র, যা দ্লনীয় অপরাধ। এ বিষয়ে গণমাধ্যমের খবর ও সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয় এবং ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।