খুলনায় ট্রেনে কাটা পড়ে সুব্রত কুমার মণ্ডল (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ নভেম্বর) বেলা পৌঁনে ১২টার দিকে নগরীর খানজাহান আলী থানার মাতমডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। দৌলতপুর পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এস আই) অসীম কুমার দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, নিহত সুব্রত মণ্ডল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আর্কিটেক্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি টাঙ্গাইলের চন্দ্র কুমার মণ্ডলের ছেলে।
এস আই অসীম কুমার দাস জানান, বুধবার বেলা পৌঁনে ১২টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সুব্রত কুমার মণ্ডলের মৃত্যু হয়। দুপুর ৩টার দিকে তার লাশ উদ্ধার করে লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, হতাশাগ্রস্ত থেকে কুয়েটের ছাত্র সুব্রত কুমার মণ্ডল আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।