চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবাও উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ইউটিউব ভিডিও দেখে ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন আকিব।
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটসংলগ্ন সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আকিব। এ সময় পুলিশের মোবাইল টিম তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আকিব হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান। পরে চান্দগাঁও থানা পুলিশের একটি দল তাকে নিয়ে ওই বাসায় অভিযান চালায়। সেখানে একটি ইয়াবা তৈরির মেশিন, বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আকিব জানান, ইউটিউব দেখে ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন বলেও তিনি জানিয়েছেন।
এ ঘটনায় আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
