স্পোর্টস রিপোর্টার
শেষ ওয়ানডেতে ফলাফল যাই হোক না, সিরিজটা আগেই হেরে বসে আছে বাংলাদেশ। আজকের ম্যাচটা যদি বাংলাদেশ জিতেও থাকে তাতে আত্মবিশ্বাস খানিক বাড়লেও প্রথম দুই ম্যাচের ব্যর্থতা মুখে যাবে না। তবুও নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের পাহাড়ে দাঁড়িয়েই বিশ্বকাপের দিকে চোখ রাখছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
প্রথম দুই ওয়ানডের দু’টোতেই নিউজিল্যান্ডের মাটিতে সফরকারী বাংলাদেশ দল হেরেছে আট উইকেটের বড় ব্যবধানে। শেষ ম্যাচটা তাই ক্রিকেটীয় ভাষায় ‘ডেড রাবার’। তবুও এই ম্যাচটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণই ভাবছেন মাশরাফি। কারণ, বিশ্বকাপের দল বাছাইয়ের আগে যে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ।
মাশরাফি তাই চোখ রাখছেন বিশ্বকাপের দিকে। ম্যাচের আগেরদিন নিউজিল্যান্ডে সাংবাদিকদের তিনি বলেন, ‘আয়ারল্যান্ড সফরে আমরা মূলত বিশ্বকাপের দলটা নিয়েই খেলতে যাবো। ফলে, বিশ্বকাপ দল বাছাইয়ের আগে এটাই আমাদের শেষ ম্যাচ। তবে খুব বেশি বদলের কিছু নেই। এই দল ভালো করার জন্য যথেষ্ট অভিজ্ঞ। কিছু কিছু ব্যাপার অবশ্যই আমাদের চাওয়া মতো হয়নি এই সিরিজে। দেখা যাক, একটি ম্যাচ এখনও বাকি আছে, আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস কিছুটা মেলে কিনা।’
শেষ ওয়ানডের ভেন্যু ডানেডিনে বাংলাদেশ আগেও ৫০ ওভারের ক্রিকেট খেলেছে। যদিও, সেটা নয় বছর আগে। নয় বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি ছিল এই ভেন্যুর অভিষেক ম্যাচ। সেবার সাকিব আল হাসানের দল হেরেছিল পাঁচ উইকেটে। একই বছর এই ভেন্যুতে টেস্টও খেলে বাংলাদেশ। মাত্র তিন দিনেই শেষ হয়ে যাওয়া ম্যাচটিতে বাংলাদেশ হারে নয় উইকেটে।
এবারের উইকেটটা আগের চেয়ে ব্যাটিং সহায়ক বলে আশাবাদী ছিল অধিনায়কের কণ্ঠ। বলছিলেন, ‘যতটা জানি, উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। আমরা এখানে আগে টেস্ট খেলেছি, সেখানেও বেশ ভালো ব্যাট করেছিলাম। এখানে শেষ ম্যাচে নিউজিল্যান্ড খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ৩৪০ রান তাড়ায় নিউজিল্যান্ড জিতে গিয়েছিল। এবারও উইকেট ভালো হবে বলেই মনে হচ্ছে। আশাকরি আমরা সেটি বুঝতে পারব এবং ভালো কিছু করতে পারব।’
নিউজিল্যান্ডের মাটিতে ব্যর্থতার পেছনে অধিনায়ক অবশ্য কোনো অজুহাত দাঁড় করালেন না। তবে, টপ অর্ডারের প্রতি রান করার তাগিদটা ছড়িয়ে দিতে চাইলেন। বললেন, ‘নেপিয়ারেও ভালো উইকেট ছিল। হয়তো আমাদের মানিয়ে নিতে সময় লাগছে। তবে ২-০ তে পিছিয়ে থাকার পর এসব অজুহাতের মতো মনে হতে পারে। আশাকরি শেষ ম্যাচে ভালো কিছু হবে, টপ অর্ডার ভালো কিছু করবে। এর ফলে মিডল অর্ডারের মাঠে নামতে আরেকটু বেশি সময় লাগবে। স্কোর বড় হওয়ার সম্ভাবনাও বাড়বে।’
এই সফরের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয়ের দু’টিই এসেছে দেশের বাইরে। একটা আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে, অন্যটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের মাটিতে। তবে, এবার নিউজিল্যান্ডের কন্ডিশনই সফরকারীদের ছিটকে দিচ্ছে বলে দাবি করলেন মাশরাফি। বললেন, ‘আমরা আয়ারল্যান্ডে ওদের হারিয়েছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছি। ওগুলো ভালো অভিজ্ঞতা ছিল। এখনো এটা আমরা করতে চাই, সেটার সামর্থ্যও আমাদের আছে। তবে, ক্রিকেট খেলার জন্য এই অঞ্চলটা পৃথিবীর সবচেয়ে কঠিন জায়গা।’