শালকের মুখোমুখি সিটি
স্পোর্টস ডেস্ক
শিরোপা প্রত্যাশী জুভেন্তাস আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে। খেলাটিতে পাদপ্রদীপের আলো যে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর থাকবে তা বলাই বাহুল্য! প্রতিযোগিতার অন্য ম্যাচে জার্মান প্রতিপক্ষ শালকে জিরো ফোরের আতিথ্য নিবে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
জুভেন্তাস সামপ্রতিক সময়ে ঘরোয়া প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য হলেও ইউরোপীয় লড়াইয়ে আধিপত্য ধরে রাখতে পারেনি। শেষ সাত মৌসুমের প্রতিটিতে সিরি আ শিরোপা জেতার বিপরীতে একবারও চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি তুলতে পারেনি তারা। এ আক্ষেপ মাঝে মাঝেই শোনা যায় তুরিনের দলটিতে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর আগমনে এবার ইতালির ক্লাবটির ইউরোপসেরা হবার আশা আরও বেড়ে গিয়েছে। শেষ তিন মৌসুমে সাবেক দল রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোয় মোক্ষম ভূমিকাটা যে রোনালদোই পালন করেছিলেন!
নতুন দলে আসার পর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীও জানিয়েছিলেন ‘নতুন চ্যালেঞ্জ’ এর কথা। সে চ্যালেঞ্জ যে জুভেন্তাসকে বহুল প্রতিক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ জেতানো তা বলার অপেক্ষা রাখে না।
এ মৌসুমেও ঘরোয়া প্রতিযোগিতায় অদম্য জুভেন্তাস। তবে সে ফর্মটা চ্যাম্পিয়ন্স লিগেও টেনে আনার চ্যালেঞ্জে আজ তারা আতিথ্য গ্রহণ করবে অ্যাটলেটিকো মাদ্রিদের।
এই ম্যাচে কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির তুরুপের তাস হতে পারেন রোনালদোই। সাবেক ক্লাব রিয়ালে থাকাকালীন সময়ে নগর প্রতিদ্বন্দ্ব্বী দলটির বিপক্ষে ২২ গোল করেছেন পর্তুগীজ স্ট্রাইকার, যার দশটিই অ্যাটলেটিকোর মাঠে। করেছেন তিনটি হ্যাটট্রিক। এর শেষটি আবার ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসরেই।
চেনা প্রতিপক্ষের মাঠে রোনালদোর উপস্থিতি নিশ্চিতভাবেই জুভেন্তাসকে বাড়তি সাহস যোগাবে। তবে দলের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো বেশ সমীহের চোখেই দেখছেন শেষ ষোলর প্রতিপক্ষকে। তিনি বলেন, ‘অ্যাটলেটিকো জানে কিভাবে এই স্তরে খেলতে হয়, তাদের এমন কৌশল বের করার সামর্থ্য আছে যা মোকাবিলা করা বেশ কঠিন। তারপর তারা প্রায়ই মহাদেশীয় প্রতিযোগিতায় খেলে থাকে এবং সেখানে পিছিয়ে পড়েও ফিরে আসার নজির আছে তাদের। দারুণ একটি ম্যাচই হতে যাচ্ছে এটি।’
তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো চ্যাম্পিয়নশিপ থেকে আলাদা। আমরা চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করছি।’
অ্যাটলেটিকোর মাঠেই হতে যাচ্ছে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। জুভেন্তাস ম্যাচকে সামনে রেখে অ্যাটলেটিকো ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রীজম্যান জানালেন, ঘরের মাঠে ফাইনাল তাদের দিচ্ছে দারুণ অনুপ্রেরণা। উয়েফা ডট কমকে তিনি বলেন, ‘এটা আমাদের এবং আমাদের ভক্তদের আরও বেশি অনুপ্রেরণা দেয়। এখানে সবসময়ই দারুণ পরিবেশ থাকে আর খেলোয়াড় হিসেবে এটাই আমরা চাই।’
ফাইনালের পথটা বেশ বন্ধুর হবে বলেই ধারণা ফরাসি ফরোয়ার্ডের। তিনি বলেন, ‘পথটা বেশ কঠিনই হতে যাচ্ছে কিন্তু আমরা আমাদের সেরাটাই ঢেলে দেয়ার চেষ্টা করবো। আমাদের সামর্থ্যের সবকিছু দিয়েই চেষ্টা করবো আমরা।’
ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ইলকায় গুন্দোগান চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে শালকের মুখোমুখি হবার আগে জানালেন ‘অভিজাত দল’ দল হয়ে ওঠতে হলে এই টুর্নামেন্টটি জিততেই হবে তাদের। তিনি বলেন, ‘যদি আপনি আন্তর্জাতিক অভিজাত দলের কাতারে যেতে চান, তবে এই শিরোপাটা জিততে হবে আপনাকে। আপনি ব্যাপারটিকে এড়াতে পারবেন না, অন্তত আমার অভিমতে। আমি মনে করি, যদি কখনো আমরা এটি জিততে পাড়ি তবে ক্লাব নতুন এক যুগে পদার্পণ করবে।’