দেড় ঘণ্টায় প্রথম ম্যাচের টিকিট শেষ 

বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স ক্রিকেট দুনিয়ায় নতুন করে সাড়া ফেলেছে। বিশ্বকাপের পারফরম্যান্স তরতাজা থাকা অবস্থায় বাংলাদেশ সফরে এসেছে বাবর আজমদের পাকিস্তান। 

বাবর আজম, ফখর জামান, হাসান আলী, রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদিদের খেলা দেখতে তরুণ প্রজন্মের বাড়তি উৎসাহ। রাজধানীর বাইরে থেকেও অনেক তরুণ ঢাকায় এসেছেন। কারণ তিনটি টি-২০ ম্যাচ ঢাকার মিরপুরেই হবে। চোখে লেগে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের চার ছক্কার মার। বিশেষ করে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১০ উইকেটে জয়ের ম্যাচে বাবর আজমদের খেলা ক্রিকেটের তরুণ দর্শকের কাছে উপভোগ্য ছিল। তাই মাঠে গিয়ে খেলা দেখতে রাত জেগে এসেছেন অনেকে। 

বাংলাদেশের সেনাপতি মাহমুদউল্লাহ দর্শক প্রশ্নে বলেছেন,‘অনেক দিন পর মাঠে ফিরছে দর্শক। এটা অনেক ভালো লাগছে। দলের জন্যও ভালো। আর সব সময় দর্শকরা আমাদের অনেক বেশি সাপোর্ট করেন। আমরাও চেষ্টা করব তাদের বিশ্বাসটা অটুট রাখতে। 

টিকিটের জন্য লম্বা লাইন

করোনায় প্রায় বিশ মাস মিরপুর স্টেডিয়ামে দর্শক ছাড়াই খেলা হয়েছে। যে কয়টি টুর্নামেন্ট হয়েছে তার কোনোটাতেই দর্শক ঢুকতে পারেননি। এবার সেই বন্ধ দুয়ার খুলছে। সেই খুশিতে বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ দেখতে দর্শক আগ্রহ বেড়ে গেছে।

বিসিবি আগেই জানিয়ে রেখেছিল গ্যালারির পঞ্চাশ শতাংশ টিকিট বিক্রি করবে। শর্ত ছিল করোনার ডাবল টিকা দেওয়া হয়েছে সনদ দেখাতে হবে। এই সনদ সঙ্গে আনার পরও অনেকেই টিকিট পাননি। ভোর হতে লাইনে দাঁড়িয়ে কেউ কেউ টিকিট না পেয়ে হতাশ। বিসিবি একটি বুথে টিকিট বিক্রি শুরু করে সকাল ৯টায়। বাঁশ দিয়ে এমন ভাবে টিকিট কাউন্টার ঘিরে দিয়েছে যেখানে ঢুকতে বের হতে গলদঘর্ম হতে হয়েছে।

৫ ক্যাটেগরিতে টিকিট বিক্রি করার কথা বলেছিল বিসিবি। গ্র্যান্ডস্ট্যান্ড ১০০ হাজার, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউর্দান-নর্দান স্ট্যান্ড ১৫০ এবং ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা টিকিট মূল্য। ১০০ টাকার টিকিট দেড় ঘণ্টায় শেষ হয় প্রথম ম্যাচের টিকিট। 

তবে সরেজমিনে দেখা যায়, কাউন্টারে টিকিট না থাকলেও কিছুক্ষণ পরই কালোবাজারে ১০০ টাকার টিকিট বিক্রি হয় ৫০০ টাকায় আর ৫০০ টাকার টিকিট ২ হাজার, এভাবে প্রায় অন্যান্য টিকিটও তিন-চার গুন দামে বিক্রি হতে দেখা যায়।