স্পোর্টস রিপোর্টার
ভারতের লোকসভা নির্বাচনের কারণে এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। অনেকটা বাধ্যই হয়েই গতকাল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষণা করেছে সংস্থাটি।
আইপিএলের এবারের আসর শুরু হচ্ছে আগামী ২৩ মার্চ। উদ্বোধনী ম্যাচে মাঠে মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১৩ মার্চ থেকে ৫ এপ্রিল — এই সময়ে অনুষ্ঠিত হবে মোট ১৭টি ম্যাচ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আটটি দলের হোম ভেন্যুতে। প্রতিটি দল এই সময়ে কমপক্ষে চারটি করে ম্যাচ খেলবে। কেবল দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু খেলবে পাঁচটি করে ম্যাচ।
এই টি-টোয়েন্টি আসরের বাকি সূচি নির্ভর করছে নির্বাচনের সময়সূচির ওপর। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘আপাতত প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী অংশের সূচি তৈরির কাজও আমরা করছি। তবে, সেটা নির্ভর করছে নির্বাচনের ওপর। এর জন্য আমরা রাষ্ট্রের ওপরের মহল ও নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগ রাখছি।’
এই অবস্থায় আইপিএলের কিছু ম্যাচ যদি ভারতের বাইরেও চলে যায়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকছে না। এর আগেও এমন হয়েছে। ২০০৯ সালে ভারতের জাতীয় নির্বাচনের কারণে সে দেশের প্রশাসন আইপিএলকে নিরাপত্তা দিতে অস্বীকার করে। ফলে তখনকার বিসিসিআই পুরো আয়োজন নিয়ে চলে যায় দক্ষিণ আফ্রিকায়। এরপর ২০১৪ সালে আবারও নির্বাচনের সাথে আইপিএলের সংঘাত হলে কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয়।