সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ভিলিয়ার্সের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আরও কয়েক বছর আগেই। তবে খেলে গেছেন আইপিএল সহ বিভিন্ন ঘরোয়া টুর্নোমেন্ট। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার এবিডি ভিলিয়ার্স।

শুক্রবার (১৯ নভেম্বর) এক টুইট বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি। সেখানে কিংবদ্বন্তি এই ব্যাটার লিখেন, ‘এটি একটি অবিশ্বাস্য জার্নি ছিল। কিন্তু আমি সব ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

যখন থেকে আমার বড় ভাইদের সঙ্গে বাড়ির পেছনের উঠোনে খেলা শুরু করি, আমি খেলাটি পুরো আনন্দ এবং অবারিত উদ্যমে খেলেছি। এখন ৩৭ বছর বয়সে এসে সেই শিখা আর এত উজ্জ্বলভাবে জ্বলে না।’

‘এটাই বাস্তবতা এবং সেটা আমাকে মেনে নিতেই হবে। হঠাৎ মনে হলেও, আজ এই সিদ্ধান্ত ঘোষণা করছি,’ যোগ করেন তিনি।

অপর এক টুইটে বলেন, ‘ক্রিকেটের প্রতি আমার অসাধারণ ভালোবাসা রয়েছে। টাইটানস, প্রোটিয়া (দক্ষিণ আফ্রিকা), আরসিবি (ব্যাঙ্গালুরু) বা সারা বিশ্বের যেখানেই খেলি না কেন, খেলাটি আমাকে অকল্পনীয় অভিজ্ঞতা এবং সুযোগ দিয়েছে। এবং আমি সর্বদা কৃতজ্ঞ থাকবো।’

আরেক টুইটে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবিডি ভিলিয়ার্স। বলেন, ‘আমি সতীর্থ, প্রতিপক্ষ, সব কোচ, ফিজিও এবং প্রতিটি স্টাফ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই পথ চলায় সঙ্গী ছিলেন। দক্ষিণ আফ্রিকা, ভারত এবং বিশ্বের যেখানেই আমি খেলেছি সেখানে সমর্থন পেয়েছি। এটার জন্য সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ।’

ইত্তেফাক/টিএ