পাকিস্তানের চার উইকেট তুলে নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে খুব একটা সুবিধা করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুরু থেকেই উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৭ রানের পুঁজি করে টাইগাররা। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা বিপর্যয়ে পাকিস্তান।

প্রথম ওভারে মেহেদী হাসান মাত্র ৪ রান দিলেও তাসকিন আহমেদ দুই ওভার থেকে ১৫ রান নিয়ে হাত খুলে মারতে থাকে পাকিস্তান। তবে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমকে বোল্ড করে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন এই তাসকিনই। 

নিজের প্রথম ওভার আর দলীয় চতুর্থ ওভারে বল করতে এসে পাকিস্তান দলের দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ানকে দাঁড়াতেই দিলেন না বাংলাদেশ দলের তারকা বোলার মুস্তাফিজুর রহমান। ১১ বলে মাত্র ১১ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। 

খেলার বড় চমক নিয়ে আসেন নিজের দ্বিতীয় ওভারে বল করতে আসা মেহেদী হাসান। সেই ওভারে মাত্র একরান দিয়ে হায়দার আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শূন্য রানে সাঁজঘরে ফেরান তিনি। 

দলীয় ২৪ রানের মাথায় আবারও সফরকারীদের ঘরে আঘাত হানেন উইকেট কিপার নুরুল হাসান সোহান। শোয়েব মালিক ক্রিজ থেকে ব্যাট ওঠালে কৌশলে  স্ট্যাম্প ভেঙে দেন তিনি। থার্ড আম্পায়র তাকে আউট দিলে তিনিও শূন্য রানেই প্যাভিলিওনে চলে যান। এই রিপোর্ট লেখা পযন্ত ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০ রান নিয়ে ব্যাট করছে পাকিস্তান।