ইত্তেফাক রিপোর্ট
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বহুপক্ষীয় কূটনৈতিক তত্পরতা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মরডান্টের সঙ্গে এক বৈঠক শেষে তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই। এজন্য বাংলাদেশ বহুপক্ষীয় কূটনৈতিক তত্পরতা চালাচ্ছে। যুক্তরাজ্য সরকারের মন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ সময় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে চাপ দেবে তার দেশ।