নাটোরে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে সদর থানার ওসি ও সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
এ সময় বিএনপি নেতাকর্মীদের চাপে এক পর্যায়ে সড়কের একপাশ বন্ধ হয়ে গেলে পুলিশ বাধা দেয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি করে।
নাটোর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে। এতে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, বিএনপি কর্মীরা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। সড়কের ওপর বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ করতে নিষেধ করা হয়। এ সময় তারা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় সদর থানার ওসি মুনছুর রহমান আহত হন। পরে পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।