খুলনায় বিএনপি নেতাকে গুলি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৪

খুলনার তেরখাদা উপজেলায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমান সরদার (৪৭) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। 

শনিবার (২১ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার মোকামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মাফিজুর রহমান তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মাফিজুর মোকামপুর বাজার থেকে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে তাকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বাম হাত, ডান পা এবং বাম পাঁজরের নিচে গুলি লাগে। গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিল। মাফিজুর রহমানের বাম হাত, বাম পা ও কোমরের বাঁ পাশে তিনটি গুলি লাগে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।

 
ইত্তেফাক/এমএস