যে কারণে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। সেই সঙ্গে শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

২০১৭ সালের ৪ এপ্রিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। পরদিন (৫ এপ্রিল) আবু মোন্নাফ আল তুষার কিবরিয়াকে সভাপতি ও কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন।