স্থানীয় জনগণ দীর্ঘ সময় পর রাস্তার সংস্কার কাজ দেখতে পেলেও স্বস্তি পাচ্ছে না কাজের ধীর গতির জন্য। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে ফুলবাড়িয়া রোডে উন্নয়ন কাজ শুরু হয় গত রমজানে। সড়কের ১২ কিলোমিটার উন্নয়ন কাজের মধ্যে ৩ কিলোমিটারের কাজ শেষ হয় গত ডিসেম্বরে। এর পর গতি কমে আসে উন্নয়ন কাজে। ফলে বর্ষার আগে কাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর মধ্যে তিনটি ব্রিজ রয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিক্ষণে যে যানবাহন চলাচল করে তাতে বাতাসে ধুলার রাজত্ব চলছে যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্ষা শুরু হলে প্রতিটি ব্রিজের সঙ্গে যে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে তা হয়ে পড়বে চলাচলের অনুপযোগী। লবলঙ্গ নদীর সেতু নির্মাণে যে সরু পথটি রয়েছে পানি নিষ্কাশনের জন্য তা পুরো এলাকার পানির প্রবাহকে বাধাগ্রস্ত করছে। এতে করে বর্ষার পানিতে প্লাবিত হবে তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও হাশিখালি খাল এবং সালদহ নদীর ওপর আরো দুটি সেতু নির্মাণ চলছে, যেগুলো দ্রুত সম্পন্ন হলে লাঘব হবে জনদুর্ভোগ। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাব্বির হোসেন
শ্রীপুর, গাজীপুর