মুন্সীগঞ্জে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের লবুনিয়াকান্দি গ্রামে মো. সাত্তার সরকার (৪২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে পার্শ্ববর্তী পরিত্যক্ত বাড়ির গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব। 

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজির পর সকালে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখেতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পুলিশ তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা সেটির সঠিক কারণ জানা যাবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে নিহতের পরিবারের দাবি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা সাত্তার সরকারকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে। এই বিষয়ে নিহতের ছেলে সাখাওয়াত হোসেন জানান, সোমবার সন্ধ্যার পর তার বাবার মোবাইলে কল আসে। এরপর তিনি ঘর থেকে বের হয়ে যান। তারপরই নিখোঁজ হন। 

সাখাওয়াত হোসেন বলেন, তার বাবা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আখতার উজ্জামান জীবনের আনারস প্রতীকের পক্ষের সক্রিয় কর্মী ছিলো এবং মিছিল ও জনসংযোগেও অংশ নিতো প্রতিনিয়ত।

উল্লেখ্য, এর আগে রবিবার মধ্য রাতে একই ইউনিয়নের খাসকান্দি গ্রামে আফসার উদ্দিন ভূঁইয়ার নৌকা প্রতীকের এক কর্মীর নির্বাচনী সহিংসতায় মৃত্যু হয়। পাল্টা-পাল্টি দুপক্ষের দুজন কর্মীর নিহত হওয়ার ঘটনায় পুরু চরকেওয়ার ইউনিয়নে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করছে এলাকার সাধারণ মানুষ। এই ইউনিয়নে ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন থেকেই প্রায় প্রতিদিন নৌকা প্রতীকের সমর্থকদের সাথে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের সাথে সংঘর্ষ অব্যাহত রয়েছে। স্থায়ী ভাবে পুলিশ মোতায়েন থাকলেও হামলা পাল্টা হামলা ও সংঘর্ষ বন্ধ হয়নি।