মহিষ চুরির ঘটনাকে কেন্দ্র করে...

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

আশুগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে দু’দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। মহিষ চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রবিবার বেলা ১১টা থেকে ২টা এবং বেলা আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। আহতদের উপজেলার বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ঈদুল আযহার পূর্বে মহিষ চুরির ঘটনাকে কেন্দ্র করে মধুপুর গ্রামের ফকির বাড়ি ও মগা বাড়ির লোকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ নিয়ে ঈদুল আযহার পর দু’দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। কিন্তু নিষ্পত্তি না হওয়ায় দু’দলের মধ্যে দীর্ঘদিন এ  বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল ফকির বাড়ি ও মগা বাড়ির দুই যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও নিরপেক্ষ লোকজনের প্রচেষ্টায় বেলা ২টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ সময় পুলিশ উভয় পক্ষের পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু পুলিশ চলে যাবার কিছুক্ষণ পরই বেলা আড়ইটায় ফের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুলিশ ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় বিকাল ৫টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। দু’দফা সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল আলম তালুকদার  বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে।