ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ফলে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি। পাশাপাশি ভোগান্তি সৃষ্টি হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এতে দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।