বাগমারায় ভাতিজাকে কুপিয়ে জখম করলেন জঙ্গি নেতা খামারু!

জমি নিয়ে বিরোধের জেরধরে ভাতিজাকে কুপিয়ে জখম করেছে রাজশাহীর বাগমারার বহুল আলোচিত জঙ্গি নেতা মাহাতাব উদ্দিন খামারু। সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে ভাতিজা রনি খামারুকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেন তিনি। পরে গ্রামবাসী রনিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। তিনি হাসপাতালে ৮ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন।

হাসপাতালে রনির স্ত্রী কাকলী জানান, রনি খামারু মাহাতাব উদ্দিন খামারুর বড় ভাই মরহুম মমতাজ খামারুর ছেলে। সোমবার বিকেলে সে বাড়িতে গিয়ে জমিজমার ভাগ চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহাতাব খামারু ও তার ছেলে স্বাধীন খামারু ও রতন খামারু মিলে রনিকে চাইনিজ কুড়ার দিয়ে কুপিয়ে জখম করে।

বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, উপজেলার তালঘরিয়া গ্রামের এক যুবককে কুপিয়ে জখম করার কথা শুনেছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু কাউকে পাওয়া যায়নি। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।