নেপিয়ার, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। টানা দুই হারে ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়ে গেছে। এবার মিশন হোয়াইটওয়াশ এড়ানোর। ডানেডিনে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত চারটায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার কথা বাংলাদেশ দলের। এ রিপোর্ট পড়ার সময় পাঠকও হয়তো জেনে যাবেন শেষ ম্যাচে বাংলাদেশের ভাগ্যে সান্ত্বনার জয় জুটছে নাকি হোয়াইটওয়াশের গ্লানি যোগ হচ্ছে।
ডানেডিনের উইকেট ব্যাটিং সহায়কই থাকছে। তাই শেষ ম্যাচে ভালো কিছুর আশা করছে বাংলাদেশ। গতকাল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘যতটা জানি, উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। আমরা এখানে আগে টেস্ট খেলেছি, সেখানেও বেশ ভালো ব্যাট করেছিলাম। এখানে শেষ ম্যাচে নিউজিল্যান্ড খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ৩৪০ রান তাড়ায় নিউজিল্যান্ড জিতে গিয়েছিল। এবারও উইকেট ভালো হবে বলেই মনে হচ্ছে। আশা করি আমরা সেটি বুঝতে পারব এবং ভালো কিছু করতে পারব।’
তবে ভালো কিছু করতে টপ অর্ডারের উপরই নির্ভর করছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘নেপিয়ারেও ভালো উইকেট ছিল। হয়তো আমাদের মানিয়ে নিতে সময় লাগছে। তবে ২-০ তে পিছিয়ে থাকার পর এ সব অজুহাতের মতো মনে হতে পারে। আশা করি শেষ ম্যাচে ভালো কিছু হবে, টপ অর্ডার ভালো কিছু করবে।’
নিউজিল্যান্ডের মাটিতে টানা ১২ ওয়ানডে হারল বাংলাদেশ। ১৩তম সাক্ষাত্টা নিজেদের করে নিতে চায় টাইগাররা। যদিও এ ম্যাচে সফরের সফল ব্যাটসম্যান মিঠুনকে পাবে না বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়া মিঠুন ফিট হতে পারেন প্রথম টেস্টের আগে। পাঁজরের ব্যথায় ভোগা মুশফিক অবশ্য ডানেডিনে খেলতে পারেন।
টানা হার, চোটের ধাক্কার পরও জয়ের আশা ছাড়ছে না বাংলাদেশ। গতকাল মাশরাফি বলেন, ‘আমি অবশ্যই জয়ের কথা বলব। ২০১৭ সালে আমরা আয়ারল্যান্ডে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম। আসলে সব সময় যেটি আশা করা হয়, সেটি কিন্তু হয় না। এ দেশের মাটিতে ম্যাচ জেতাটা অনেক কঠিন হয়তো, সেটি আমরা জানি। তারপরও আমরা জিততে চাই।’