সেরাটা দিতে প্রস্তুত আছেন জয়

গত বছর বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী দলের টপঅর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়। বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি করেছিলেন তিনি। তারপর থেকে নির্বাচকদের নজরে এ তরুণ। তাকে গড়ে তোলার কাজটা সম্পন্ন হয়েছে, তা বলা যাচ্ছে না। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন জয়। ২১ বছর বয়সী এ ব্যাটারের ব্যাটিংটা প্রথম শ্রেণির ক্রিকেটেই না কি বেশি মানায়।

যদিও লংগার ভার্সনে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন। দুই সেঞ্চুরি, এক হাফ সেঞ্চুরিতে ১০ ইনিংসে ৪৬০ রান করেছেন জয়। গতকাল (২৪ নভেম্বর) চট্টগ্রামের সাগরিকায় দলের সঙ্গে অনুশীলন করেছেন এ তরুণ। জাতীয় লিগের ম্যাচ খেলেই নিজেকে টেস্টের জন্য প্রস্তুত ঘোষণা করেছেন। সর্বশেষ দুই ম্যাচেই দুটি সেঞ্চুরি, রানের ছন্দে আছেন বলেই হয়তো আত্মবিশ্বাসী তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট যে ভিন্ন মঞ্চ, সেটা বুঝতে এবং ঘোর কাটাতে হয়তো বেশি সময় লাগবে না তার।

গতকাল জয় বলেছেন, ‘জাতীয় লিগে বেশ কয়েকটি ইনিংস ভালো খেলেছি। আত্মবিশ্বাস এখন ভালো আছে। তার আগে এইচপি ও এ টিমের প্রস্তুতি ম্যাচেও আমি ভালো ইনিংস খেলেছি। তাই আমি প্রস্তুত আছি, সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য। সুযোগ পেলে আমি আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করবো।’

কুমিল্লার বুড়িচংয়ে দাদা বাড়ি হলেও জয়ের বেড়ে উঠা চাঁদপুরে। টেস্ট দলে সুযোগ পাওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় দারুণ খুশি। তিনি বলেন, ‘আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো না। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ার। আমি অনেক খুশি।’