দুটি দলের মনোনয়ন ফরম জমা দিলেন তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান

তারাগঞ্জ ও বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে একই ব্যক্তি জাতীয়পার্টি (জাপা) ও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। ওই ব্যক্তি হচ্ছেন রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ওরফে লিটন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও জাপা ওই দুই রাজনৈতিক দলে আনিছুর রহমান লিটনের কোনো পদ নেই। তবে তিনি জাতীয় পার্টি (জাপা)’র সমর্থক বলে স্থানীয় জাতীয় পার্টির নেতা কর্মীরা জানিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা জানান, গত বছর তিনি আওয়ামী লীগের সদস্য ফরম কিনে সদস্য হয়েছেন।

লিটনের জাতীয় পার্টির মনোনয়ন জমাদানের তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য ও এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আনিছুল ইসলাম মন্ডল। আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আহসানুল হক ওরফে টুটুল চৌধুরী। একই সঙ্গে দুই দলের মনোনয়ন চাওয়ার বিষয়ে লিটন মুঠোফোনে সাংবাদিকদের বলেন, যেটাই হোক এ বিষয়টি পত্রিকায় লেখার দরকার নেই।

উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে লিটন স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।