চোট জর্জর বাংলাদেশ দলকে খাটো করে দেখছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। হোম কন্ডিশনের বাংলাদেশকে সমীহ জানালেন তিনি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কন্ডিশনটা পার্থক্য গড়েছে। এটা তাদের ঘরের মাঠ। তাদের (বাংলাদেশ) কখনো হালকাভাবে দেখার সুযোগ নেই। আসলে কোনো দলকেই হালকাভাবে দেখার সুযোগ নেই। (বাংলাদেশ) নিয়মিত দলটা না পেলেও তাদের তরুণেরা তো আছে। তারা কিন্তু এই কন্ডিশনেই খেলে উঠে এসেছে। এখানকার কন্ডিশনটা কঠিন। মানিয়ে নিতে একটু সময় লাগে। উইকেটে গিয়ে সময় কাটাতে হয়। আমার মতে, অবশ্যই কঠিন পরীক্ষায় ফেলতে পারে।’
আজ প্রথম টেস্টের জন্য সম্ভাব্য ১২ জনের দল ঘোষণা করেছেন বাবর। তার ঘোষিত ১২ জনে নেই নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস। সুইং বোলার আব্বাস পাকিস্তানের বড় ভরসা।
টি-২০ সিরিজ জয়ের পর পাকিস্তানকে এগিয়ে রাখছে টেস্টের পরিসংখ্যানও। বাংলাদেশের বিপক্ষে ১১ টেস্ট খেলে ১০টি জয় তাদের। দুই দলের একটি টেস্টই ড্র হয়েছে, সেটি ২০১৫ সালে খুলনায়।