মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান শুক্রবার

প্রতিবছরের মতো এবারো প্রদান করা হচ্ছে মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক। নাট্যদল ‘থিয়েটার’  প্রবর্তিত এই সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানটি শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজিত হবে। 

বাংলাদেশের নাট্যচর্চায় আধুনিক চেতনার অগ্রণী পুরুষ মুনীর চৌধুরী এবং বাংলা নাটকের ইতিহাসে এক অনন্য সাধারণ নাট্যব্যক্তিত্ব মোহাম্মদ জাকারিয়া। এই দুই গুণী মানুষের সম্মানে নাট্যদল ‘থিয়েটার’ ১৯৮৯ সাল থেকে নাট্যজগতের প্রতিভাবান ব্যক্তি বা নিবেদিত প্রাণ সংগঠনকে ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং ১৯৯৭ সাল থেকে তরুণ নাট্যকর্মীদের ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ প্রদান করছে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনে ২০২০ ও ২০২১ সালের মোট ৪ জন অগ্রজ এবং তরুণ নাট্যকর্মীকে সম্মানিত করা হবে।

উল্লেখ্য, করোনার কারণে গত বছর এই আয়োজন সম্ভব না হওয়ায় এ বছর একইসঙ্গে ২০২০ ও ২০২১ সালের পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ও পদক তুলে দেওয়া হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থাতি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা এবং সভাপতিত্ব করবেন থিয়েটার সভাপতি ফেরদৌসী মজুমদার। দুই পর্বে সাজানো অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে যন্ত্রসংগীত পরিবেশন করবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা।

ইত্তেফাক/বিএএফ