পিরোজপুরে সাঈদীর ছেলেসহ জামায়াতের দুই নেতা কারাগারে

পৃথক মামলায় পিরোজপুরে দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী এবং জেলা জামায়াতের আমীর ফরিদ ও সেক্রেটারী আব্দুর রবকে আদালত জেলহাজতে পাঠিয়েছেন। গতকাল মঙ্গলবার পিরোজপুর জজ আদালতে হাজির হলে আদালতের বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ শামসুল হক তাদের জামিন আবেদন না’মঞ্জুর করে কারাগারে  পাঠানোর নির্দেশ দেন। মাসুদ সাঈদী গত ২০১৮ সালের ২৬ ডিসেম্বর দায়েরকৃত ইন্দুরকানি থানার বিস্ফোরক আইনের একটি মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।  উল্লেখ্য, ইন্দুরকানি থানার এস.আই ওহিদুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মোঃ জাকির হোসেন ও ওবায়দুল্লাহ ও ১২ জন অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৫ ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলার সাঈদখালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেলসহ দুই জামায়াত কর্মীকে আটক করে। কিন্তু উপজেলা চেয়ারম্যান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

এদিকে পিরোজপুর জেলা জামায়াতের আমীর তোফাজ্জেল হোসাইন ফরিদ ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল রব গতকাল মঙ্গলবার পিরোজপুর সদর থানার অন্য একটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। তারা গত ১১ ডিসেম্বর অন্যদের সাথে পিরোজপুর থানার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলার আসামি। মামলার পর তারা হাইকোর্টের নির্দেশে ছয় সপ্তাহ জামিনে থেকে গতকাল নিম্ন আদালতে হাজির হন