খাগড়াছড়িতে বন্দুক হামলায় এইচএসসি পরীক্ষার্থী খুন

মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের পানছড়ি সড়কের নারানখাইয়া মুখে রেড স্কোয়ার এলাকায় অজ্ঞাতনামা কতিপয় বন্দুকধারীর হামলায় তুষার চাকমা (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। নিহত তুষার চাকমার বাড়ী খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বলে জানা গেছে। সে স্থানীয় ভোকেশনাল ট্রেনিং ইনিস্টিটিউট’র ইলেকট্রিক্যাল ট্রেডের শিক্ষার্থী এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী। তুষার পড়ালেখার পাশাপাশি বাসাবাড়ীতে ইলেক্ট্রিক্যাল কাজ, টিউশনি ও ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালিয়ে লেখাপড়ার খরচ চালাতো। ঘটনাস্থলের খুব কাছেই সে অপর দুই বন্ধুসহ একটি ভাড়াঘরে থাকতো। কলেজ বন্ধ থাকার সুযোগে সে মঙ্গলবার সারাদিন টমটম চালিয়ে সন্ধ্যায় ভাড়া বাসার খুব কাছে একটি দোকানে বসে  বিশ্রাম করছিল। এসময় কয়েকজন দুষ্কৃতকারী অতর্কিতে তার উপর হামলা চালিয়ে মুহূর্তের মধ্যে গা ঢাকা দেয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তুষারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।