দুঃস্বপ্নের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্টের চ্যালেঞ্জ নিতে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস পুরোপুরিভাবে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক।
বেশ কিছু দিন যাবতই টি-টোয়েন্টি ক্রিকেটে বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন লিটন। বিশ্বকাপেও নিজেকে মেলে ধরতে না পারায় টি-টোয়েন্টি ফরম্যাটের দল থেকে ছিটকে পড়েন লিটন। এছাড়াও বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা এবং গুরুত্বপূর্ণ সময়ে লিটনের ক্যাচ মিসের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তীব্র সমালোচনা করেন লিটনের।
কেউ কেউ তাকে পারিবারিক ভাবে হেনস্থা করেছে। অনলাইন ঘৃণার শিকার হওয়ায় যথেষ্ট মানসিক যন্ত্রণাও তাকে সহ্য করতে হয়েছে। টি-টোয়েন্টি দল থেকে বাদ দিলেও টিম ম্যানেজমেন্ট এবং তার সতীর্থরা পাশে ছিলেন লিটনের।
মোমিনুল বলেন, ‘আমরা সবাই তাকে সমর্থন দিয়েছি। তিনি এখন মানসিকভাবে সতেজ এবং পাকিস্তান সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত।’
টি-টোয়েন্টিতে অফ-ফর্মে থাকলেও, টেস্ট ক্রিকেটে ভালো ফর্মে আছেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে ৯৫ রান করেন তিনি।