ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে মাসুদ মিয়া নামে এক জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলার খাগাতুয়া ভোরের বাজারে এ ঘটনা ঘটে।
তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভিপি মারুফের সমর্থক ও খাগাতুয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।
জানা যায়, খাগাতুয়া ভোরের বাজারে চা খাওয়ার সময় মাসুদের উপর হামলা চালায় নৌকার সমর্থকরা। তার হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভিপি মারুফ জানান, মাসুদকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
নৌকার প্রার্থী সৈয়দ জাহিদ হোসেন শাকিল বলেন, এই ঘটনায় বিচার হওয়া উচিৎ। তবে এর সঙ্গে আমার কোন কর্মী সমর্থক জড়িত না।
এ বিষয়ে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েরন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।