গাজীপুর সিটির সাবেক মেয়র মান্নানের স্ত্রীর ইন্তেকাল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নানের স্ত্রী সাজেদা মান্নান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)।

অধ্যাপক এমএ মান্নানের ছেলে এম মনজুরুল করিম রনি জানান, ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টায় তার মায়ের মৃত্যু হয়। তার মা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, হূদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

সাজেদা মান্নানের মরদেহ মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে তাদের বারিধারার বাসায় নিয়ে যাওয়া হয়। পরে বিএনপি নেতা-কর্মীসহ আত্মীয়-স্বজনরা সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। জোহরের নামাজের পর বারিধারা ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা হয়। বাদ আসর গাজীপুর সিটি করপোরেশনের সালনা ঈদগাহ মাঠে আরেক দফা জানাজা শেষে সালনায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।