সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরে গেলেন মুশফিক

ভালোই খেলছিলেন। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৮২ রানে অপরাজিত ছিলেন। সবাই আশা করেছিল, দ্বিতীয় দিনেই তিন অংকের ম্যাজিক ফিগারের দেখা পাবেন দেশসেরা ব্যাটার মুশফিকুর রহিম। কিন্তু সেটা আর হলো না। নার্ভাস নাইনটিতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন তিনি। ফাহিম অশরাফের দারুণ একটি বলে কটবিহাইন্ডের শিকার হয়েছেন।

আউট হওয়ার আগে ২২৫ বল মোকাবিলায় ১১টি চারের সাহায্যে ৯১ রান করেছেন মুশফিকুর রহিম। এর মধ্য দিয়ে দলের ২৭৬ রানের মাথায় সপ্তম উইকেটের পতন ঘটলো।

২০৫ রানের রেকর্ড জুটি গড়েছেন মুশফিক ও লিটন

এর আগে দিনের শুরুতেই বিদায় নেন আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাস। আউট হওয়ার আগে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। পরে ব্যাটিংয়ে নামেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ব্যাটার ইয়াসির আলি রাব্বি। তবে অভিষেকটা রঙিন হলো না তার। ১৯ বলে মাত্র ৪ রান করে বিদায় নিয়েছেন।

এই রিপোর্ট লেখার সময় ক্রিজে আছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। এর মধ্যে ১৮ রানে অপরাজিত মিরাজ ও ৬ রানে তাইজুল। আর দলের মোট রান ২৯৫।