লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আখনবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি আবদুল জলিল।
আহতরা হলেন, তোতা আখন, নোমান বহদ্দার, হাসেম আলী , মো. হারুন, শরিফ হোসেন, খালেক মাজিসহ আহত ৮ জন। আহতদের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৮ নভেম্বর ৩য় ধাপে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলমগীর হোসেন ( পানির কল) এবং ফজলুল করিম বহদ্দার (আপেল) নির্বাচন করছেন। রাত সাড়ে ৯টার সময় আখনবাজার এলাকায় আলমগীর হোসেনের কয়েকজন কর্মী ভোটারদের মাঝে স্লিপ বিতরণ করার সময় করিম বহাদ্দরের এক কর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রার্থীদের কর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ লেগে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন মারাত্মক আহত হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটনার সংবাদ শুনেই ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, রাতেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত রাখা হয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ কোনো অভিযোগ কিংবা কোনো ধরনের মামলা করেননি। যদি কেউ কোনো অভিযোগ অথবা মামলা করেন আমরা অবশ্যই ব্যবস্থা নেব।