টেকনাফের বনে আহত হাতির শরীরে গুলির ৮টি ক্ষতচিহ্ন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৪০

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শীলখালী রেঞ্জের বনাঞ্চলে আহত বন্যহাতির শরীরে গুলির ৮টি ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বন বিভাগের উদ্যোগে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে দুটি বন্যহাতিকে জাহাজপুরা গর্জন বাগান এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন লক্ষ্য করেন স্থানীয়রা। পরে আহত হাতিটির সন্ধানে বন বিভাগের সদস্যরা বনের ভেতরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়।

মূলত বুধবার সকাল থেকে বন বিভাগ ও চিকিৎসক দলের সদস্যরা হাতিটির সন্ধানে বনাঞ্চলে তল্লাশি চালান। পরে হাতিটির সন্ধান পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।

টেকনাফের শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, শীলখালীর গভীর বনাঞ্চলে আহত হাতিটির অবস্থান শনাক্ত করে ট্যাঙ্কুলাইজার গান প্রয়োগের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। পরে ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের একটি চিকিৎসক দল হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে।

তিনি আরও বলেন, চিকিৎসার সময় হাতিটির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে দুটি ক্ষত পায়ে এবং বাকি ছয়টি শরীরের বিভিন্ন স্থানে রয়েছে।

ইত্তেফাক/এপি