জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উৎসবের সমাপণী দিনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
জানা যায়, এ বছর জেইউডিও ১৬তম আন্তঃবিশ্ববিদ্যালয়, ১০ম আন্তঃকলেজ ও ১০ম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১ আয়োজন করা হয়। উৎসবে বাংলা সংসদীয় ধারার বিতর্কে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি করে দল অংশগ্রহণ করে। এতে মোট ৩০০ জন বিতার্কিক অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (জেইউডিও) এবং রানার-আপ হয়েছে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিবেটার অব দ্য ফাইনাল হন সিইউডিএস'র অর্জন ত্রিপুরা এবং ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হন বুটেক্সডিসি'র এস এ সাগর। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ও রানার-আপ হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এতে ঢাকা কলেজের বিতর্কিক মো. সৈয়দুর রহমান ডিবেটার অফ দ্য ফাইনাল নির্বাচিত হন। এছাড়া স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বীরশেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানার-আপ হয়েছে সিলেট গভ. পাইলট হাই স্কুল।
অন্যদিকে বারোয়ারী বিতর্কে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকেয়া আশা এবং স্কুল ও কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন মনিপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাদমান রহমান শাবাব, দ্বিতীয় হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মিরাজুল ইসলাম ও তৃতীয় হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মো. সৈয়দুর রহমান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, বিশ্বিবদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির ও সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ।
এর আগে, গত ৮ অক্টোবর ‘কণ্ঠে ভাঙুক কালের প্রাচীর’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানেইজেশন (জেইউডিও) অনলাইনে ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ প্রতিযোগিতার উদ্বোধন করে।
এ উৎসবের পেমেন্ট পার্টনার হিসেবে ছিলো 'নগদ' ও এডুকেশন পার্টনার হিসেবে ছিলো 'EduHive'। এ ছাড়া মিড়িয়া পার্টনার হিসেবে ছিলো 'দৈনিক ইত্তেফাক', 'সময় টিভি', 'ঢাকা পোস্ট', দ্যা ডেইলি স্টার ও ঢাকা এফএম ৯০.৪।