জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। গতকাল সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাদের আটক করা হয়।
আটক পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। এ সময় বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেটিকে জ্বালিয়ে দেন তারা।
সকাল থেকে বিভিন্ন দপ্তরে গিয়ে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, এখানে আওয়ামী কর্মকর্তা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো একটিভিজম চালিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে আসলে কোনো ধরনের আপস নেই।
অভিযান ও কর্মকর্তা আটকের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে। ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের টাকা দিয়ে ফ্যাসিবাদের জোগানদাতা এসব কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’
