জাতীয় গণিত অলিম্পিয়াডে সেরা দশে জায়গা করে নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি’র) দুই শিক্ষার্থী। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত অলিম্পিয়াডে বেরোবি’র গণিত বিভাগের শিক্ষার্থী মজিদুল ইসলাম দ্বিতীয় স্থান এবং মিরাতুল ফেরদৌস নিপুন দশম স্থান অর্জন করে।
এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ম্যাথম্যাটিক্যাল সোসাইটির উদ্যোগে হাবিপ্রবি, বেরোবিসহ রংপুর অঞ্চলের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজের ১২০ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সেরা দশজন প্রতিযোগীকে ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার দেওয়া হয়।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত রংপুর অঞ্চলের ১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রত্যেককে টি-শার্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে হাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী হিমাদ্রি শেখর রায়, দ্বিতীয় স্থান অর্জন করে বেরোবির মজিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে হাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী তারা রাণী সরকার। এছাড়া, চতুর্থ থেকে দশম হয়েছেন যথাক্রমে হাবিপ্রবির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রুহুল আমিন, গণিত বিভাগের চন্দন রায়, সুজন মিয়া, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সাইন্স অ্যান্ড টেকনোলজির মেহেদী হাসান, হাবিপ্রবির গণিত বিভাগের মাহফুজুর রহমান, মো. আসাদুজ্জামান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মিরাতুল ফেরদৌস নিপুন।